জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
কুমিল্লা শহরে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়ের সামনে দলের শহর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের গাংচর এলাকায় ফারুকী হাউসের সামনে এ ঘটনা ঘটে।
তবে সংঘর্ষের সূত্রপাত, এতে কেউ আহত হয়েছেন কি না এবং গাড়ি ভাঙচুরের পেছনে কারা জড়িত- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা কোতওয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জামায়াতের সেক্রেটারি পদ নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। একটি মামলার সাক্ষ্য দিতে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, এখন ফিরছি। কুমিল্লা থেকে আমাদের অফিসার বিষয়টি জানালেন।
শহর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের বিষয়ে জামায়াত অফিসের সামনে উপস্থিত একাধিক নেতাদের বক্তব্য জানতে চাইলেও কেউ মুখ বক্তব্য দিতে রাজী হননি।
তবে পরে এ ঘটনা নিয়ে নগর জামায়াত আমির কাজী দ্বীন মোহাম্মদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে, রাত ৭টার দিকে মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে। এ সময় তারা চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে।
আমরা ঘটনা তদন্ত করে দেখছি। এর পেছনে কারা জড়িত বা কারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো- এসবের বিস্তারিত জেনে আমরা আবার সংবাদ মাধ্যমকে জানাব।
প্রতিনিধি/এলএ