জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে একটি দ্রুতগামী কভার্ডভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তার নাম মো. আবুল কালাম (৪২)। তিনি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের চর কালিদাস গ্রামের রফিক আহমদের ছেলে।
নিহত মোটরসাইকেল চালকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে রাখা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,- দ্রুতগামী কভার্ডভ্যানটি চট্টগ্রামের দিক হতে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের এক পাশ দিয়ে একজন মোটরসাইকেল চালক লালপোল এলাকায় হয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগামী কভার্ডভ্যানটি ওই মোটরসাইকেল চালককে পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোটরসাইকেল সাইকেল চালকের প্রতিবেশী ও বন্ধু বাকির উদ্দিন জানান, নিহত আবুল কালাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত কিছুদিন আগে দেশে এসে বাড়িতে একটি মুরগির খামার দেন। বাড়িতে তার স্ত্রী, ছোট ছোট দুটি মেয়ে এবং এক মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তিনি ছিলেন পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি।
মহিপাল ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার মহাসড়কে কভার্ডভ্যানের চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। কভার্ডভ্যানটি পালিয়ে গেছে। মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে