জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম
মৌলভীবাজারের জুড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও অপসারিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকালে জুড়ীতে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এ মিছিলে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের নেতৃত্বদানকারী হাবিবুর রহমান জয় নিজের ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করে জানান, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। তার পোস্টের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম মিছিলের বিষয়ে বলেন, কখন মিছিল হয়েছে, সে বিষয়ে কোনো সত্যতা নেই। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/ এজে