জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম
মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনা, খাদ্যপণ্য তৈরিতে পচা মরিচ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে মরিচ শুকানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে খাদ্যপণ্য ও ওষুধসহ বিভিন্ন সামগ্রী তদারকি করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির সব লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, পচা মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন স্থানে মরিচ শুকানোর মাধ্যমে অবৈধ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনার অপরাধে লিটন মিয়ার প্রতিষ্ঠান আলিফ ফুড প্রোডাক্টসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব লাইসেন্স নবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিনিধি/এএইচ