জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম
রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে ২ শ্রমিক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসক ইসরাত জাহানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রংপুরকে এবং সদস্য হিসেবে রয়েছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী। আর কমিটির সদস্যসচিব করা হয়েছে রংপুরের নির্বাহী প্রকৌশলীকে। অফিস আদেশে কমিটিকে সরেজমিন পরিদর্শন করে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরসভার নির্মাণাধীন ভবনে ১৩ জন শ্রমিক ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে চারজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিকদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন গাইবান্ধা সাদুল্লাজপুর থানার শ্রমিক আসাদুল হক (৩০) ও রংপুর সদর থানার শিহাব (১৯)।এ ঘটনায় পৌরসভার সচিব আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করেছে পুলিশ।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে ২ শ্রমিক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন সাপেক্ষে আগামী ৭ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের বিষয়টি মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে কারো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এজে