Dhaka Mail Logo

সারাদেশ

ভবন নির্মাণে আইন লঙ্ঘন করলে আইনের আওতায় আনা হবে: গণপূর্তমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

ভবন নির্মাণের সময় কেউ আইন লঙ্ঘন করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরের ১ নম্বর ওয়ার্ডে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সম্প্রতি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনেকেই বাধা দিচ্ছেন। সরকারি কাজে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে সকালে রাজশাহী নগরে চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।

83146f7e-af36-46d6-980f-b914d29dfb8f

দুপুরে সড়কের নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি ‘আরডিএ প্রান্তিক আবাসিক এলাকা’র উদ্বোধন করেন। এ সময় আবাসিক এলাকার একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

পরে নাটোর রোডের রুয়েট এলাকা থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন করেন মন্ত্রী। এ উপলক্ষে সেখানে বৃক্ষরোপণও করেন তিনি।

15d46144-5e09-4fc8-a7b2-7d431b3994c8

অনুষ্ঠানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, উন্নত বিশ্বের শহরগুলোর মতো রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নম্বরসংবলিত পিলার তৈরির কাজ শুরু হয়েছে। শিগগিরই পুরো নগরে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিনিধি/এসএস