জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম
ভোলার মনপুরায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত আছিয়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. ইসমাইলের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে আছিয়ার জ্বর, সর্দি ও কাশির তীব্রতা বেড়ে যায়। পরে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়। পরে জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আছিয়ার মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্বজনেরা। যে বয়সে পড়াশোনা, খেলাধুলা আর আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, হামে আক্রান্ত আট বছর বয়সী শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শিশুদের জ্বর, সর্দি-কাশি কিংবা শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময়মতো চিকিৎসা নেওয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে শিশুদের জটিলতা এড়াতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এজে