Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে নারীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধর, স্বর্ণালংকার চুরি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন লাকী বেগম (৩৭) নামের এক নারী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বড়াইগ্রাম থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লাকী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা। তার স্বামীর নাম খলিলুর রহমান (৪৫)।

অভিযুক্ত অন্য ছয়জন হলেন রেজা আলী (৪৫), সেলিম আলী (৫০), মালেক আলী (২৩), কামিরুল ইসলাম (২৫), আতিক হোসেন (২৩) ও আমিরুল মিয়া (২৪)।

লাকী বেগমের অভিযোগ, প্রায় ২০ বছর আগে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সময় খলিলুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান—নুর ইসলাম বিজয় (১৩) ও নুসরাত আফরিন জয়া (৩)। বিয়ের কিছুদিন পর তার স্বামী বিদেশে যান। এ সময় তিনি শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করেন।

আরও পড়ুন

‘ফ্যাসিস্টদের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে কাজ করছে’

লাকীর দাবি, বিদেশ থেকে ফিরে তার স্বামী মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। অভিযুক্ত অন্য ব্যক্তিরাও তার স্বামীর সঙ্গে মাদক সেবন করতেন। এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাকে বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করা হতো। অভিযুক্ত ব্যক্তিরা তার শয়নকক্ষে এসে মাদক সেবন করতেন বলেও অভিযোগ করেন তিনি। তাকে স্বামীর বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টাও করা হচ্ছিল বলে তার দাবি।

লাকী বেগম আরও অভিযোগ করেন, গত ১২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তার বসতবাড়ির চারপাশে ঘোরাফেরা করছিলেন। তিনি বাধা দিলে অভিযুক্ত মালেক আলী তার গলায় ধারালো চাকু ধরে মারধর করেন। এ সময় অন্য অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে চিৎকার করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে সেলিম আলী বলেন, ‘আমার আলাদা বাড়ি। মারধরের কোনো ঘটনা ঘটেনি। আমরা চেষ্টা করছি, সংসারটা যেন টিকে থাকে, না ভাঙে।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস