Dhaka Mail Logo

সারাদেশ

প্রতিমন্ত্রী শাহে আলমের অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে স্টার নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলামসহ তিন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। এ সময় জহুরুলকে গালিগালাজ করা হয়, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। পরে যুবদল নেতা মোজাক্কির হোসেন রাব্বির হস্তক্ষেপে ফোন ফেরত দেন হামলাকারীরা। 

বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরে প্রতিমন্ত্রী শাহে আলম গড়াই নদের উপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের স্থান পরিদর্শনে আসেন। এর আগে তিনি রায়ডাঙ্গা আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী তার গাড়িতে উঠতে গেলে সেখানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এ সময় হাতাহাতি বেঁধে যায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে। 

স্টার নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম মোবাইল ফোনে এ ভিডিও ধারণ করলে জেলা ছাত্রদলের কর্মী মুন্না তার ওপর হামলা চালায়, কেড়ে নেয় তার ফোন। তিনি এ সময় সাংবাদিক পরিচয় দিলে তাকে মুন্না বলেন, ‘সাংবাদিক...(অশ্রাব্য ভাষা) ....সময় নেই। তুই ভিডিও করলি কেন'। এ সময় অন্য আরেকজন ছাত্রদল কর্মী স্টার নিউজের প্রতিনিধিকে ধরে নিয়ে যায়। এই ভিডিও ধারণ করছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুমারখালী প্রতিনিধি মমিন ইসলাম। এ দৃশ্য দেখতে পেয়ে ছাত্রদল কর্মীরা তাকে কিলঘুষি মেরে তার ফোনও ছিনিয়ে নেয়। 

পরে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোজাক্কির হোসেন রাব্বির কাছে মোবাইল দুটি ফেরত দেন হামলাকারী মুন্না।

প্রতিনিধি/এলএ