জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
কক্সবাজারের রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে পাহাড়ের বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ ও স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকান সংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশের পাহাড় থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বে ওই চক্রটি বালু উত্তোলন করছিল বলে অভিযোগ স্থানীয়দের।
গোপন সংবাদে বুধবার সকালে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, কক্সবাজার জেলা যুবদলের ফরিদ নামে এক নেতা ওই বালুমহাল ইজারা নেওয়ার পর স্থানীয় বিএনপি নেতা নুরুল হকের নেতৃত্বাধীন একটি চক্রকে ইজারা দেন। এরপর ওই চক্রটি ইজারার শর্ত ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে পাহাড়ের বালু উত্তোলন করে আসছে।
স্থানীয়দের দাবি, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু বলেন, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ