জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে সাকোওয়াত হোসেন (২২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে তাকে হত্যা করা হয়েছে।
নিহত সাকোওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকোওয়াত। রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার সকালে বাড়ির কাছাকাছি পাথরঘাটা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস