জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
স্বজন ও সফরসঙ্গীদের বরাতে জানা গেছে, বুধবার ভোরে টাঙ্গুয়ার হাওরে একটি বোটে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনিরুজ্জামান। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামান বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে। তিনি গৌরনদী পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
মনিরুজ্জামানের সফরসঙ্গী ও আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার মুঠোফোনে জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যায়। বুধবার ভোরে বোটে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনিরুজ্জামান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মনিরুজ্জামানের ভগ্নিপতি ও ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা জানান, স্বজনেরা তার মরদেহ নিয়ে গৌরনদীর উদ্দেশে রওনা হয়েছেন। সবকিছু ঠিক থাকলে বুধবার রাত ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানোর কথা।
মৃত্যুকালে মনিরুজ্জামান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুর খবর গৌরনদীতে ছড়িয়ে পড়লে স্বজন, পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকে।
প্রতিনিধি/এসএস