জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে ২ শ্রমিক নিহতের ঘটনায় পৌরসভার সচিব আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
ওসি বলেন, ভবনের নির্মাণকাজের তদারকি দায়িত্বের অবহেলা এবং কাজের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ঘটনায় পৌরসভার সচিব আব্দুর রহিম প্রামানিক টিপুকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের হলে আটক পৌরসভার সচিবকে গ্রেফতার দেখিয়ে আদালতের প্রেরণ করা হবে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খতিগ্রস্ত পরিবারের বিষয়টি মাথায় রেখে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরসভার নির্মাণাধীন ভবনে ১৩ শ্রমিক ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে চার শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিকদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন— গাইবান্ধা সাদুল্লাজপুর থানার শ্রমিক আসাদুল হক (৩০) ও রংপুর সদর থানার শিহাব (১৯)।
প্রতিনিধি/টিবি