Dhaka Mail Logo

সারাদেশ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম

সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে ভ্রমণের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে জড়ো হন তারা। পরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের একাংশ প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

কর্মসূচিতে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন), কটেজ মালিক সমিতি, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতি, খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি, পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, শ্রমযান কল্যাণ সমিতি (সিএনজি), মাহিন্দ্র মালিক সমিতি এবং খাগড়াছড়ি হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতিসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েক শ মানুষ অংশ নেন।

c3d2caeb-4dc6-4655-8126-274a9d91723d

পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতির সভাপতি আয়ুস চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে, সহঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ, কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাহুল চাকমা এবং মাহিন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম।

বক্তারা বলেন, বিভিন্ন ইস্যুতে বারবার সাজেক কেন বন্ধ রাখা হবে? সাজেকের পর্যটন খাতের সঙ্গে হাজারো শ্রমিক ও ব্যবসায়ী জড়িত। তাদের সবার দাবি, সাজেকে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যথায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

5a0e6efc-6a9f-4158-9fae-2374cef70e0e

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন তারা।

প্রতিনিধি/এসএস