Dhaka Mail Logo

সারাদেশ

শায়খুল হাদিস মাওলানা নুরুল হকের ইন্তেকাল

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি, বটগ্রাম মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি বর্ষীয়ান আলেম আল্লামা নুরুল হক (বটগ্রামের হুজুর) আর নেই। তার ইন্তেকালে কুমিল্লাসহ দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার তার জানাজায় অংশ নিয়ে শেষবিদায় জানান লাখো মুসল্লি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৩৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি.এ. হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সাধারণ মানুষ অংশ নেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজাস্থল ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতে থাকেন। প্রিয় আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে আসা মুসল্লিরা তার রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে তাকে নিজ গ্রাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আল্লামা নুরুল হক কুমিল্লার ধর্মীয় অঙ্গনে পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বটগ্রাম মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত থেকে তিনি আলেমসমাজ ও ধর্মপ্রাণ মানুষের কাছে শ্রদ্ধা অর্জন করেন।

তার ইন্তেকালে কুমিল্লার আলেমসমাজ, কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মহান আল্লাহ তাআলা মরহুম আল্লামা নুরুল হককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিষ্য ও অনুসারীদের ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

প্রতিনিধি/এসএস