জেলা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীতে ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মণ্ডপের প্রতিনিধিদের হাতে এসব সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও বিএনপি নেতা রাশেদ ইকবাল।
এ সময় আরও বক্তব্য দেন ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের জেলা সভাপতি ভূপাল মজুমদার, পূজা উদ্যাপন পরিষদের ফেনী সদর উপজেলা সভাপতি তপন কর বশাক ও পৌর সভাপতি সমর দেবনাথ।
ইউএনও সুলতানা নাসরীন কান্তা জানান, ফেনী সদর উপজেলা ও পৌর এলাকার ৬৫টি পূজামণ্ডপে ৬০০ কেজি চাল ও প্রতিটি মণ্ডপে চারটি করে শাড়ি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ফেনী সদর উপজেলার ৫৩টি এবং পৌর এলাকার ১২টি মণ্ডপ রয়েছে।
প্রতিনিধি/এসএস