জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম
নোয়াখালী সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামগঞ্জ বাজারের ‘গাইন বাড়ি’ এলাকায় চুরির অভিযোগল মো. কবির (৪০) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নেওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সোনাপুর ফিলিং স্টেশন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে কবিরকে শনাক্ত করার পর, ইসলামগঞ্জ ডালের বাড়ি থেকে নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর এলাকায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে মারধর করা হলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহত কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। চোর সন্দেহে তাঁকে আটক করে মারধর করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এজে