জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
গত ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তার অভিযোগ, অর্থের অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও লুটপাটের কারণে রেল খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার গত ১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু রেলের দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়েনি।’ তার ভাষ্য, অনেক ক্ষেত্রে রেল খাত স্থবির হয়ে পড়েছে, কোথাও পিছিয়ে গেছে, আবার কোথাও অবকাঠামো ধ্বংস হয়েছে।
মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে রেলের সেবার মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। টানা ১৮ বছর সরকার পরিচালিত হলেও রেল খাতের যথাযথ দেখভাল করা হয়নি। ফলে এ খাত প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। তবে এ অবস্থার পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, রেলের যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস