জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ছেলের মৃত্যুর পর দুপুরে মারা যান তার ৯০ বছর বয়সী মা। পরে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়। এ ঘটনায় বেতুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটার দিকে বেতুয়া গ্রামের সাইফুল ইসলাম সরকার (৬০) মারা যান। তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনেরা জানাজা ও দাফনের প্রস্তুতি নেন। বেলা একটার দিকে তার মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর, সোয়া একটার দিকে মারা যান তার মা তারা বানু (৯০)।
আরও পড়ুন
তারা বানুর নাতি ও কলেজশিক্ষক মো. আজিজুল হক বলেন, তার দাদির পাঁচ ছেলে ও চার মেয়ে। আগেই এক চাচা মারা গেছেন। প্রায় ২০ বছর আগে তার দাদাও মারা যান। দ্বিতীয় ছেলের মৃত্যুর পর শোকের মধ্যেই তার দাদির মৃত্যু হয়।
আজিজুল হক আরও বলেন, মঙ্গলবার বিকেলে আসরের নামাজের পর তারা বানুর জানাজা ও দাফন সম্পন্ন হয়।
মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন বলেন, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে দুপুরে ছেলেকে এবং বিকেলে মাকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
সলঙ্গার একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মোস্তফা জামান বলেন, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে বেতুয়া গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
প্রতিনিধি/এসএস