জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
হবিগঞ্জের লাখাই উপজেলায় লোকালয়ে ঢুকে শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি শেয়াল লোকালয়ে ঢুকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে শেয়ালটি একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এতে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ২৭ জনের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন। সোমবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসক লুৎফুল হাসান শোহন বলেন, শেয়ালের কামড়ে আহত ২৭ জন হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, লোকালয়ে শেয়ালের এমন আকস্মিক আক্রমণে সাতাউক, লকনাউক ও সানাবই গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু-কিশোর ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয়রা। শেয়ালটি আবারও লোকালয়ে এসে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
প্রতিনিধি/এসএস