Dhaka Mail Logo

সারাদেশ

ডুবুরি দলও পায়নি সন্ধান, দুই দিন পর সেই পুকুরেই মিলল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে ১৩ মাস বয়সী মাইশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার আশরাফ আলীর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

মাইশা ওই গ্রামের মোফাজ্জল হোসেন ও রুমি বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) সকালে মাইশার মা রুমি বেগম বাঁশ কাটতে বাড়ির বাইরে যান। কাজ শেষে ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে যাওয়ার সন্দেহ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল দিনভর পুকুরে তল্লাশি চালায়। তবে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

দুই দিন পর বুধবার বিকেলে ওই পুকুরেই শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস