জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে রহমত উল্লাহ নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার চর মরজাল থেকে তিন কিলোমিটার দূরে ফুলদী-লেটাবো এলাকার নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রহমত উল্লাহ উপজেলার চর মরজাল পশ্চিমপাড়ার জামাল মিয়ার ছেলে। তিনি বাক্প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনদিন আগে রহমত উল্লাহ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। মঙ্গলবার সকালে ফুলদী-লেটাবো এলাকায় আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রহমত উল্লাহর বলে শনাক্ত করেন।
রায়পুরা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মামুন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
প্রতিনিধি/ এজে