জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম
নোয়াখালীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিনকে হত্যার মামলার প্রধান আসামি মো. আকাশ উদ্দিনকে (২২) ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১ ও এসআরবি-১০ এর যৌথ দল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ড।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা পূর্ব থানার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে আকাশ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়।
নিহত কামাল উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন। পারিবারিক বিচ্ছেদের পর তিনি সদর উপজেলার একটি মাদরাসার মাঠে রাতে অবস্থান করতেন। গত ১১ অক্টোবর রাতে সেখানে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে লোকজনের সমাগম কমে এলে তার ওপর হামলা চালানো হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে আকাশ উদ্দিন ও তার সঙ্গীরা প্রথমে কামাল উদ্দিনকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে আকাশ উদ্দিন ধারালো ফোল্ডিং ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে কামাল উদ্দিনের মৃত্যু হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আব্দুল হক সুধারাম মডেল থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। পরে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/এসএস