Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২,৪১৬ জন, শীর্ষে পৌরসভা

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

ফেনীতে চলতি বছরের শুরু থেকে হামের উপসর্গ নিয়ে ২ হাজার ৪১৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ফেনী পৌরসভা এলাকায়। এদিকে অক্টোবরের প্রথম ১২ দিনে নতুন করে ৩০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ২ হাজার ৪১৬ জন চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২০ জন।

0b089e16-3a7b-4c3c-b92c-8e3c7fa0751a

জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ২ হাজার ৩৭৫ জন সুস্থ হয়েছেন। সোমবার রাতে (১২ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফেনী পৌরসভা এলাকায় ২ হাজার ১৩৯ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১০০ জন। এ ছাড়া সোনাগাজীতে ১৪৫ জন, দাগনভূঞায় ৫৬ জন, ছাগলনাইয়ায় ৪৩ জন, ফেনী সদরে ১৭ জন, পরশুরামে ৯ জন এবং ফুলগাজীতে ৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

d878dca4-657b-457e-8ed4-1b2a3c72b7ef

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ২ হাজার ১৩৯ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ১০০ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে এ হাসপাতালে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন, ছাগলনাইয়ায় ২৯ জন, ফুলগাজীতে ২ জন, পরশুরামে ৪ জন, সোনাগাজীতে ১৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন রোগী ভর্তি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে, যাতে কোনো শিশু টিকাদান থেকে বাদ না পড়ে।

তিনি আরও বলেন, হাম প্রতিরোধে টিকাদানের পাশাপাশি শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের পুষ্টির বিষয়ে মায়েদের সচেতন থাকতে হবে। এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের সুস্থ রাখতে সহায়তা করা সম্ভব হবে।।

প্রতিনিধি/এসএস