Dhaka Mail Logo

সারাদেশ

সকালে হাঁটতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের নিকট এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রেমলাল দাস।

নিহতরা হলেন— নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। নজরুল ইসলাম উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম ফজরের নামাজ পড়ে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের নিকট আসছিলেন। মহাসড়ক দিয়ে হাঁটার সময় হটাৎ অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা দুইজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

দাউদকান্দি হাইওয়ে থানা ওসি প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায়  স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি