জেলা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।
একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে আজ বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে।
সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।’
প্রতিনিধি/এমআর