Dhaka Mail Logo

সারাদেশ

সাংবাদিকদের ‘হেনস্তা’র পর মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে অনিয়মের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন দুই সাংবাদিক। এ সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে কার্যালয়টির এক কর্মচারীর বিরুদ্ধে। একই সঙ্গে অপর এক সাংবাদিককেও হেনস্তা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পাসপোর্ট অফিসের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

​অভিযুক্ত কর্মচারীর নাম মো. ইমরান হোসেন। তিনি জেলা পাসপোর্ট কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে দায়িত্বরত।

ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন—এশিয়ান টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হানিফ মেহমুদ এবং বাংলা এডিশনের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন জসি।

​ভুক্তভোগী সাংবাদিক হানিফ মেহমুদ জানান, পাসপোর্ট অফিসে নানা অনিয়মের সংবাদ পেয়ে তিনি ও তার সহকর্মী সেখানে পেশাগত দায়িত্ব পালনে যান। কার্যালয়ের অনিয়মের ভিডিও চিত্র ধারণের সময় অফিস সহকারী ইমরান হোসেন এতে বাধা দেন এবং জোরপূর্বক তার মোবাইল ফোনটি কেড়ে নেন। প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখানোর পরও ফোনটি ফেরত দিতে অস্বীকৃতি জানানো হয়। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়োশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ  সাংবাদিকরা সেখানে গেলে ভুল স্বীকার করে মধ্যস্থতার মাধ্যমে ফোন ফেরত দেন।

​আরেক সাংবাদিক জসিম উদ্দিন জসি অভিযোগ করে বলেন, ভিডিও ধারণে বাধার পাশাপাশি তারা ঘরের দরজা বন্ধ করে দেন। এমনকি কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশনাও দেন কর্মকর্তা-কর্মচারীরা। আমাদের সেখানে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখা হয়। পরে ছেড়ে দেওয়া হলেও ঘটনার প্রায় চার ঘণ্টা পর সহকারী পরিচালকের কাছ থেকে আমরা মোবাইল ফোন ফেরত পাই।

​ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত কর্মচারী মো. ইমরান হোসেন বলেন, সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়াটা সঠিক কাজ হয়নি। তবে পরবর্তীতে ফোন বুঝিয়ে দেওয়া হয়েছে।

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ আলী জানান, খবর পেয়ে তিনি জেলা পাসপোর্ট অফিসে যান। ওই সময় সহকারী পরিচালকের কক্ষে সাংবাদিকদের মোবাইল রাখা ছিল। তবে এ বিষয়ে কোনো পক্ষই থানায় লিখিত বা মৌখিক কোনো অভিযোগ দায়ের করেননি।

 

​ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, তথ্য সংগ্রহ ও অনিয়মের চিত্র তুলে ধরা সাংবাদিকদের পেশাগত অধিকার। এ ধরনের বাধা স্বাধীন সাংবাদিকতায় সরাসরি হস্তক্ষেপ। ওই পাসপোর্ট কার্যালয়ে আগেও এমন ঘটনা ঘটেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করার জোর দাবি জানাচ্ছি।

​এ বিষয়ে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম আবু সাঈদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/টিবি