Dhaka Mail Logo

সারাদেশ

আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না নিজাম ডাকাতের

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

ফেনীর সোনাগাজীতে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত ২৬ মামলার পলাতক আসামি নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার চর দরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিজাম উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের আদর্শ নগর এলাকার বাসিন্দা। তিনি পেশাদার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত সর্দার বলে জানিয়েছে পুলিশ।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর নিজাম উদ্দিন সম্প্রতি নিজ এলাকায় এসে অবস্থান নেন। পরে থানা-পুলিশের ধাওয়া খেয়ে রোববার রাতে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

সোমবার সকালে সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতিকালে গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, নিজাম উদ্দিনের বিরুদ্ধে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে ২৬টি মামলা আদালতে বিচারাধীন।

প্রতিনিধি/এলএ