Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রামে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

চট্টগ্রামে ১৬ বছর আগে পারিবারিক বিরোধের জেরে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

হোসনে আরা বেগম নগরীর কোতোয়ালী থানার লাভলেইন ঝাউতলা এলাকার বাসিন্দা। তিনি মৃত হেলাল উদ্দিনের স্ত্রী।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আটজনের সাক্ষ্যপ্রমাণে হেলাল উদ্দিনের হত্যাকাণ্ডটি প্রমাণিত হওয়ায় আদালত আসামি হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৯ সালে নগরীর এনায়েত বাজার এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক কলহে জড়ান হেলাল ও হোসনে আরা দম্পতি। ঝগড়ার এক পর্য়ায়ে হোসনে আরা স্বামী হেলালের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী হেলালের। এছাড়াও হোসনে আরা হেলালের ঘাড়,বুক ও হাতে পায়েও জখম করে মৃত্যু নিশ্চিত করেন।

এই ঘটনার পর মৃত স্বামীকে ঘরে একা রেখে বাহির থেকে দরজায় তালা দিয়ে গা ঢাকা দেন হোসনে আরা।

ওই দিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ বাসা থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ সময় তার মুখ, ডান পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন খান বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১০ সালের ১৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস