Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে খালি চোখে কোরআন পড়া ১২৩ বছরের সেই আব্বাস প্রামাণিক আর নেই

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তেন নাটোরের গুরুদাসপুরের আব্বাস প্রামাণিক। কথিত ১২৩ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বার্ধক্যে শরীর কিছুটা দুর্বল হয়ে পড়লেও আব্বাস প্রামাণিকের দৃষ্টিশক্তি ভালো ছিল বলে জানিয়েছেন স্বজনেরা। ১২৩ বছর বয়সেও তিনি চশমা ছাড়াই খালি চোখে পবিত্র কোরআন পড়তে পারতেন।

আরও পড়ুন

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছর বয়সী আব্বাস প্রামানিক

আব্বাস প্রামাণিকের নাতি রিপন হোসেন জানান, রোববার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। বিষয়টি তার চিকিৎসার দায়িত্ব নেওয়া খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের কর্তৃপক্ষকে জানানো হলে একজন চিকিৎসক এসে তাকে চিকিৎসাসেবা দেন। পরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। তখন শুধু তরল দুধ খাচ্ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার একজন প্রবীণ ব্যক্তি ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হতো। কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর পেয়েছেন জানিয়ে তিনি শোক প্রকাশ করেন।

প্রতিনিধি/এসএস