Dhaka Mail Logo

সারাদেশ

সাতক্ষীরায় ১১ দিনে ১৪৮ যানবাহন আটক, গ্রেফতার ৭৬

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সাতক্ষীরার বিভিন্ন প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে গত ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২ হাজার ২টি যানবাহন তল্লাশি করে ১৪৮টি আটক করা হয়েছে। একই সময়ে চুরি ও চোরাচালানের অভিযোগে ২০ জন এবং অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কায় আরও ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

শহরের খুলনা রোড মোড়, বিনেরপোতা, মেডিকেল কলেজ এলাকা ও বাইপাস সড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিন-রাত তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সুপার বলেন, পুলিশের দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো সময় নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী দিন-রাত অভিযান চালানো হচ্ছে। অপরাধীরা কৌশল পরিবর্তন করলে পুলিশকেও পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলাতে হয়। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।

681fda80-cbd7-4d8c-8804-c2f278dc4a04

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত আটক ১৪৮টি যানবাহনের মধ্যে ১২২টির বিষয়ে নিষ্পত্তি হয়েছে। বাকি ২৬টি যানবাহনের বিষয়ে নিষ্পত্তি প্রক্রিয়াধীন রয়েছে।

আটক যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করে ৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া প্রসিকিউশন দাখিল করা মামলায় আরও ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় বাকি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

8fa2706d-4248-4b6c-b747-b60fb81107d9

পুলিশ সুপার বলেন, চেকপোস্টের কার্যক্রম শুধু যানবাহন তল্লাশিতে সীমাবদ্ধ নয়। মাদক, চুরি, চোরাচালান ও সম্পত্তিসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতেও অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে চুরি ও চোরাচালানের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

681fda80-cbd7-4d8c-8804-c2f278dc4a04

পুলিশের তথ্য অনুযায়ী, একই সময়ে জেলার বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ২৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও উটন কোরেক্স সিরাপসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজন অনুযায়ী অভিযান চালানো হবে। দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলার সার্বিক জননিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক রয়েছে।

প্রতিনিধি/এসএস