Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ট্রেনের টিকিট বিক্রি, কালুর ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ভুয়া টিকিট তৈরি করে বিক্রির অভিযোগে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম ও স্টেশন মাস্টার সাকির জাহান উপস্থিত ছিলেন।

1875f3b4-bac1-4857-9a62-dbb80a6eb6ca

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া টিকিট তৈরি করে যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রটি কম্পিউটারের মাধ্যমে টিকিটে থাকা নাম ও তারিখ পরিবর্তন করে ফটোকপি তৈরি করত। পরে একই টিকিট ১০ থেকে ১২ জনের কাছে বিক্রি করা হতো। এতে ট্রেনে উঠে একই আসনের জন্য একাধিক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হতো। কখনো একই আসনে বসা নিয়ে যাত্রীদের মধ্যে বিরোধও হতো।

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধ: ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলে

শাহ আলম আরও জানান, সোমবার দুপুরে স্টেশনে অভিযান চালিয়ে কালুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি টিকিটে মোট ৮৩টি আসনের ভুয়া টিকিট পাওয়া যায়। তার হোয়াটসঅ্যাপেও এ ধরনের আরও ভুয়া টিকিট রয়েছে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ওই ব্যক্তির কাছে বিপুলসংখ্যক আসনের টিকিট পাওয়া গেছে। একাধিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে তিনি টিকিট মজুত করেছিলেন। তাকে হাতেনাতে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে রেলপথে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে যাতায়াত করতে পারেন, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস