Dhaka Mail Logo

সারাদেশ

জমি নিয়ে বিরোধ: ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলে

জেলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল ইসলাম (৪০) থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। নিহত ব্যক্তির নাম হাবেল শেখ (৭০)।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হাবেল শেখ ওই গ্রামের মৃত শামসুদ্দিন শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে হাবেল শেখের সঙ্গে তার একমাত্র ছেলে সাহাবুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার দুপুরে হাবেল শেখ নিজের শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাহাবুল ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপান। এতে হাবেল শেখের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর সাহাবুল নিজেই মেহেরপুর সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

খবর পেয়ে মেহেরপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

 প্রতিনিধি/এআর