জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর এক স্বজনের গলায় সার্জিক্যাল ব্লেড দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সনি হোসেন (৩৮) নামের ওই ব্যক্তিকে ব্লেডসহ আটক করেছেন হাসপাতালের আনসার সদস্যরা।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক সনি হোসেন নগরের ঘোষপাড়া এলাকার সূর্য হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম আবু হোসেন (৩০)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার নাসিরগঞ্জ এলাকার সেকেন্দার আলীর ছেলে।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি এক রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। রক্তের সন্ধানে ওই রোগীর এক স্বজন হাসপাতালের ব্লাড ব্যাংকে গেলে সেখানে এক ব্যক্তি টাকার বিনিময়ে রক্ত জোগাড় করে দেওয়ার প্রস্তাব দেন। ওই স্বজন প্রস্তাবে রাজি না হলে তাকে জোরাজুরি ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে ঝামেলা এড়াতে ওই ব্যক্তি অভিযুক্তকে ৪০০ টাকা দিয়ে আর বিরক্ত না করার অনুরোধ করেন। কিন্তু টাকা নেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি চলে না গিয়ে সার্জিক্যাল ব্লেড দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ। এতে তার গলা কেটে রক্তপাত হয়। এ সময় চিৎকার-চেঁচামেচি শুরু হলে সেখানে লোকজন জড়ো হন।
ঘটনাটি দেখে ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা চিকিৎসক সহকারী অধ্যাপক মো. ফাতেহ উল ইসলাম সিজার হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. মাইনুল ইসলামকে ফোন করে জানান।
খবর পেয়ে মাইনুল ইসলাম একটি টহল দল নিয়ে ঘটনাস্থলে যান। পরে রক্তমাখা সার্জিক্যাল ব্লেডসহ অভিযুক্তকে আটক করা হয়।
রামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. মাইনুল ইসলাম বলেন, হাসপাতালের রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করা ধারালো অস্ত্রসহ স্থানীয় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস