জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনি প্রচারণায় বেকারত্ব দূর করা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।
মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং নিরাপদ ও সুন্দর সমাজ গঠনের অঙ্গীকার করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণাকালে এসব প্রতিশ্রুতি তুলে ধরেন মির্জা ফয়সল। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রচারণায় মির্জা ফয়সল বলেন, মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, এমন একটি সমাজব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন এবং নিজেদের অধিকার নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নও তার লক্ষ্য।
এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা তুলে ধরে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপির এই প্রার্থী।
এএইচ