জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
মাদারীপুরে সেলিম বেপারী নামে এক গরুর খামারিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের শকুনি লেকপাড়ে অবস্থিত লেকভিউ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মনিরুজ্জামান আক্তার হাওলাদার গ্রুপের সঙ্গে লাভলু হাওলাদার গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। তাদের এই বিরোধকে কেন্দ্র করে একাধিক হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়। একাধিক মামলার পলাতক আসামি ও লাভলু হাওলাদারের অনুসারী আল আমিন চৌকিদারকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক সেলিম বেপারীকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। কুপিয়ে জখম করা হয় সেলিমকে। গরুর খামারির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত সেলিমকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
প্রতিনিধি/টিবি