জেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ এএম
আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে রংপুর সদর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন, আপনারা এমপিদের পাত্তা দিচ্ছেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন, নাকি মঙ্গলগ্রহ থেকে এসেছেন? আমাদের এ দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অবমূল্যায়ন ও একের পর এক অনিয়মের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সরকারি বিভিন্ন কমিটিতে সংসদ সদস্যদের প্রতিনিধি না রাখা এবং সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হলে প্রয়োজনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন তারা।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য দাবি তুলে ধরাই তাদের প্রথম দায়িত্ব। প্রশাসন যদি সংসদ সদস্যদের মূল্যায়ন না করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামা ছাড়া কোনো উপায় থাকবে না।
সময় জেলায় সার ডিলার নিয়োগে মারাত্মক দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তোলেন সংসদ সদস্য বেলাল। তিনি দাবি করেন, যোগ্য ও দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যবসায়ীদের বাদ দিয়ে বিশেষ সুবিধা দিতে একই পরিবারের একাধিক সদস্যকে ডিলারশিপ পাইয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ডের ফলে প্রশাসন ও জনপ্রতিনিধি উভয় পক্ষই সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এদিকে, বক্তব্যের জবাবে জেলা প্রশাসক ও সভার সভাপতি ইসরাত জাহান বলেন, আইনশৃঙ্খলা কমিটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। এখানে সরকারি কর্মকর্তাসহ উপস্থিত সবার পারস্পরিক সম্মান ও মর্যাদা বজায় রেখে আলোচনা করা সমীচীন। যেকোনো বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে সবারই শব্দ চয়নের ব্যাপারে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত।
সভায় রংপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/টিবি