Dhaka Mail Logo

সারাদেশ

নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পিএম

নাটোরে রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১১ অক্টোবর) রাতে ১০টার দিকে নাটোর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ল্যাপটপটি উদ্ধারে আমাদের কয়েকটি টিম সক্রিয় ভাবে কাজ শুরু করেন। আমরা নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত প্রত্যেকটি স্টেশনে আমাদের টিম কাজ করছিল। নানাভাবে ল্যাপটপটি উদ্ধারে ট্র্যাক করছিলাম। এক পর্যাযে আজ রোববার রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ল্যাপটপের অবস্থান ট্র্যাক করা হয়। রাত সাড়ে ৯টায় অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হই আমরা।

পুলিশ সুপার আরও বলেন, গত বৃহস্পতিবার সকালে নাটোর রেলস্টেশন থেকে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে অন্তরের বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপেক্স ট্রেনে উঠেন। মাধনগর এলাকায় ট্রেনটি পৌঁছালে একটি বগির সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ব্যাগের মধ্যে ল্যাপটপটি পান তিনি। ওই ব্যাগটি নিয়ে তিনি তার শ্বশুরবাড়ি নওগাঁয় চলে যান। বিষয়টি অমল কুমার সাহা তার ছেলে অন্তর কামার সাহাকে অবহিত করে। তিনি ল্যাপটপটি নিয়ে নওগাঁ থেকে নাটোরে পৌঁছায়। আমাদের টিম ট্র্যাক করতে করতে নাটোর শহরের কাপুরিয়া পট্টি এলাকা থেকে অন্তরের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করেন। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গেই জার্মান পর্যটক ক্রিলকে জানিয়েছি। তিনি অত্যন্ত খুশি হয়েছেন ল্যাপটপ উদ্ধারে।

অমল কুমার সাহা তার ছেলে অন্তর কামার সাহাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনার সঙ্গে যদি তারা জড়িত থাকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনায় জড়িত যুবককে আটকে আমাদের টিম কাজ করছে।  

প্রসঙ্গত, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে নাটোর উদ্দেশ্যে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে উঠেন ক্রিল ল্যান্ডার উইবার। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। নাটোর থেকে অন্য ট্রেনে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল এ জার্মান পর্যটকের। নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে অবস্থান করছিলেন তিনি। এ সময় ২৫ বছরের এক যুবক রেলকর্মী পরিচয়ে ট্রেনের টিকিট করে দেওয়ার কথা বলে জার্মানি পর্যটকের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি নিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে নাটোর স্টেশনে কান্নায় ভেঙে পড়েন জার্মানি পর্যটক। বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করেন। জার্মান তরুণকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেন স্টেশন কর্তৃপক্ষ। তিনি থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান। মালামালের খোঁজে গত বৃহস্পতিবার নাটোর থেকে রাজশাহী রেলস্টেশন যান তিনি। সেখান থেকে ঢাকায় ফিরেন এই জার্মান পর্যটক।

প্রতিনিধি/এএস