জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পিবিএ অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, তাজমিন হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে রাজু নামের এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
তদন্তে উঠে এসেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তাজমিন ও রাজু শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছাড়েন। এরপর রাজু তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন বলে জানা গেছে।
হোটেলের রেজিস্টার খাতা, সিসিটিভি ফুটেজ এবং রাজুর ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে কক্সবাজারে তাজমিনের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
প্রতিনিধি/এএস