জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মো. ওমাইর (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহমান ও তার স্ত্রী আনসার বেগমকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১৩ ব্লকে আব্দুর রহমানের বসতঘরসংলগ্ন এলাকার একটি ময়লার ট্যাংকির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমাইর একই ক্যাম্পের ডি/১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে ওমাইর নিখোঁজ ছিল। এ ঘটনায় শিশুটির পরিবার ও ব্লক হেড মাঝি পুলিশকে অবহিত করেন। পরে জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন। ৯ অক্টোবর শিশুটির বাবা অভিযোগ করেন, আব্দুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছেন।
এ অভিযোগের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় রোহিঙ্গা মাঝিদের সহযোগিতায় শনিবার দুপুর ১টার দিকে আব্দুর রহমানকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শিশুটিকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেওয়া তথ্য এবং তার ও স্ত্রী আনসার বেগমের দেখানো স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জামতলী পুলিশ ক্যাম্প-১৫-এর ইন্সপেক্টর তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয়দের সহযোগিতায় এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ