জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ১০:০৯ পিএম
সন্ত্রাসী হামলা করে গাড়ি ভাঙচুর, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তামিম আবু উমামা নামে এক ব্যক্তি।
রোববার (১১ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরের এ সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে তামিম আবু উমামা অভিযোগ করেন, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তার মেয়ে ফারজানা খাতুন ঐশী, ভাই দেলোয়ার হোসেনসহ কয়েকজনের সঙ্গে বিরোধের জেরে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ে ঐশীর সঙ্গে তার বিয়ের আলোচনা হয়েছিল। পরে কাবিনের টাকা নিয়ে মতবিরোধের কারণে বিয়ের প্রস্তাব বাতিল করা হলে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
এরপর তাকে জড়িয়ে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এতে বাড়ির ক্ষয়ক্ষতি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া গত ৮ অক্টোবর দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে গাড়ির গতিরোধ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার ভিডিও মোবাইলে এবং গাড়ির ড্যাশ-ক্যামেরায় রেকর্ড করা আছে। প্রয়োজনে তা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলেও তিনি উল্লেখ করেন।
তামিম আরও অভিযোগ করেন, তাদের করা মানহানির মামলা তুলে নিতে প্রভাব খাটিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে তিনি, তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের ওপর বড় ধরনের হামলার আশঙ্কাও করছেন।
সংবাদ সম্মেলনে তামিম তার বাড়িতে হামলা, লাঞ্ছিত করা ও ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
প্রতিনিধি/এলএ