জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
চট্টগ্রাম নগরীতে ভবনের বিভিন্ন অসঙ্গতি সমাধানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে একটি ভবনের মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে তিনটি ভবন সিলগালা ও পাঁচ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) নগরীর কোতোয়ালি, চকবাজার ও পাহাড়তলী থানা এলাকার ৭টি ভবনে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিডিএর চিফ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুর হাসান এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
অভিযানে আন্দরকিল্লায় অনুমোদিত নকশার বাইরে নির্মিত ভবনের বিভিন্ন অংশ ভেঙে অপসারণের পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা ও ভবন মালিকদের ভবিষ্যতে অনুমোদিত নকশা অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনার অঙ্গীকারনামা নেওয়া হয়।
অপর একটি ভবনে আটতলা নির্মাণের অনুমোদন থাকলেও সেটি ১১ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। ভবনমালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এছাড়াও ভবন নির্মাণে অসঙ্গতি থাকায় ৫টি ভবনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান শেষে মো. মনজুর হাসান বলেন, অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে সিডিএর অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ