Dhaka Mail Logo

সারাদেশ

দিল্লিতে আওয়ামী লীগ আর দেশে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করে বলেছেন,পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আর বাংলাদেশে বসে দেশবিরোধী জামায়াতে ইসলামী চক্রান্ত করছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে কোনো অপশক্তি সফল হবে না। বরং জনগণকে সাথে নিয়ে সব অপশক্তিকে মোকাবিলা করে বিএনপিই সফল হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ এবং জামায়াত অতীতেও দেশ ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিএনপি তাদের মোকাবিলা করেছে। ইনশাআল্লাহ এখন ওই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লীতে বসে আর বাংলাদেশে হঠকারী জামায়াত দেশবিরোধী যে চক্রান্ত করছে; সেটাকে জনগণের সহযোগিতা নিয়ে মোকাবিলা করতে বিএনপি সরকার সক্ষম আছে। দেশের জনগণ যদি সরকারের পাশে থাকে তাহলে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির নিজেই জ্বালানি সংকটকে জাতীয় সংকট বলেছেন। অথচ জ্বালানি সংকটকে পুঁজি করে বিরোধী দল যে লং মার্চ করেছে এর কোনো গুরুত্ব নেই। দেশের জনগণও তাদের লং মার্চকে গ্রহণ করেনি। পতিত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার উদ্দেশেই সদ্য ক্ষমতায় আসা সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হয়েছে।

বাংলাদেশকে আধিপত্যবাদের গ্রাস থেকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই জানিয়ে রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি সরকারকে সহযোগিতা করতে বিরোধীদলের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, বিএনপি ব্যর্থ হলে দেশে পুনরায় ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। জামায়াতে ইসলামী সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় ‘আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে’ গিয়ে মুফতি সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এলএ