জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পিএম
ফেনীতে পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে সোনাগাজীর চর সাহাভিকারীতে ১টি ও পুরান থানা পুকুরে আরও ১টি মরদেহ পাওয়া যায়। একই দিন সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাগাজী উপজেলার ওয়াপদা রোডের একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫)। তিনি স্থানীয় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরগণেশ এলাকার ডাউল বেপারী বাড়ির আহসান উল্লাহর ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে, একই উপজেলার চর সাহা ভিকারী গ্রাম থেকে বিবি মরিয়ম ওরফে ফাইমা (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। ফাইমা ওই গ্রামের মো. জামাল উদ্দিনের মেয়ে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম এ দুজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন থেকে আবেদ আলী (৪৫) নামে এক গরুর খামারের কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রংপুরের বাসিন্দা আবেদ আলী স্থানীয় আজাদের গরুর খামারে দিনমজুর হিসেবে কাজ করতেন। খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদ আলীর মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
প্রতিনিধি/ এজে