জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ‘হুতি সশস্ত্র গোষ্ঠী’র হামলায় কুমিল্লার নাঙ্গলকোটের মুফতি নাসরুল্লাহর নিহত হয়েছেন। মুফতি নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর ওলামা বাড়ির হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহর পুত্র।
মুফতি নাসরুল্লাহর মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মুফতি আতিকুল্লাহ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুফতি নাসরুল্লা দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
শনিবার বাংলাদেশ থেকে ওমরা পালনের উদ্দেশে সৌদি আরব গমন করেন মুফতি নাসরুল্লাহ। সৌদি আরবের রিয়াদে তাদের বহনকারী বিমানটি পৌঁছার পর তারা জেদ্দাগামী একটি বিমানের জন্য অপেক্ষাকালে এ হামলার ঘটনা ঘটে।
মুফতি নাসরুল্লাহ ঢাকার জামেয়া রবিউল্লাহ ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি, খোঁজখবর নিচ্ছি।
প্রতিনিধি/এলএ