উপজেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
মিরসরাইয়ের করেরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আসা অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে অর্ধশতাধিক গরু জব্দ করা হয়। জব্দ করা গরুর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধে, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, 'সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গরু জব্দের বিষয়ে আমাদের জানায়নি। হস্তান্তর তো দূরের কথা।'
প্রতিনিধি/ এজে