Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে ইয়াবা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

ফেনীর ফুলগাজীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদকসেবনের দায় স্বীকার করায় তাঁদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,- ফুলগাজী উপজেলার জগতপুর গ্রামের আহমেদ হোসেন ভূঁইয়ার ছেলে মো. কামরুল ইসলাম (৩৭) ও একই গ্রামের এমদাদুল হক মিয়ার ছেলে মাইনুল হক সিহাব (২৭)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দরবারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ও জগতপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহামিদা জেরিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে ওই দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায় স্বীকার করায়, মাইনুল হক সিহাবকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং মো. কামরুল ইসলামকে দুই দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য অধিদপ্তরের একটি দল ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে। প্রশাসনের চাহিদা অনুযায়ী দলটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে ফেনী জেলা কারাগার-২-এ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এজে