জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পিএম
উদ্বোধনের ৪৮ ঘণ্টা না পেরুতেই দেশের প্রথম সাইকেল ট্র্যাক রূপ নিয়েছে পার্কিং জোনে। এবার সাইকেল ট্র্যাকে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা ও একটি গাড়ি জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং একটি গাড়ি জব্দ করা হয়।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চসিক অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা পুলিশ সহযোগিতা করে।
সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিকের জনসংযোগ বিভাগ।
আরএনবি/এআরএম