Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে জব্দকৃত ১০ হাজার কেজি পলিথিন নিলামে বিক্রি

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পিএম

মাদারীপুরে বিভিন্ন সময় জব্দ হওয়া ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে এনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের উপস্থিতি এগুলো নিমালপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে, ওজন দিয়ে এগুলো বস্তার মধ্যে থেকে বের করে প্রথমে কেটে টুকরো করা হয়। পরে নিমালে অংশ নেয়া চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজালাল প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং হাউস-এর প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তির দেওয়া হলে ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। পরে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৬৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন।

পরিবেশ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জানান, ‘জেলার বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয় এই অবৈধ পলিথিন। পরে আদালতের নির্দেশে ও রাষ্ট্রীয় স্বার্থে নিলামের ব্যবস্থা নেয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠান এই টুকরো পলিথিনগুলো রিসাইকেলের পর বিশেষ প্রযুক্তির সাহায্যে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য বা কাঁচামালে রূপান্তর করবে বলে চুক্তি হয়েছে।’

প্রতিনিধি/ এজে