Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে মাদরাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় বাসচালক মাহফুজুর রহমান ওরফে রাজুকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি-৮।

শনিবার (১০ অক্টোবর)রাতে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

রোববার (১১ অক্টোবর) এসআরবি-৮ বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রাকুদিয়া দাখিল মাদরাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদরাসাশিক্ষক রেহেনা বেগম। এ সময় বরিশামুখী আহনাফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রেহেনা বেগমের ছোট ভাই মামুনুর রশীদ খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন। ১৭ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি করা হয়।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানির একটি যৌথ দল বাসচালকের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহফুজুর রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে